মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে একাধিক গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করলে সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের গোপালপুর এলাকায় শাটডাউন কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এতে মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে কালকিনি ও ডাসার থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছের গুড়ি সরিয়ে যান চলাচল পুনঃস্থাপন করেন।
স্থানীয় সূত্র জানায়, কর্মসূচির নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে স্থানীয় নেতাকর্মীরা ১০–১২টি বড় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখেন, এতে দূরদূরান্তের যাত্রী ও চালকদের ভোগান্তি হয়। পরে গাছ অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গাছগুলো সরানো হয়েছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”