কুমিল্লায় নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

Date: 2025-11-16
news-banner

কুমিল্লা শহরে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিল করার প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মাহিনুল ইসলাম

শহরের বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ২৯ জনকে আটক করা হয়। এছাড়া জেলার অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জন নেতা-কর্মী আটক করা হয়। তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানারসহ নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পুলিশি অভিযান শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

ওসি মাহিনুল ইসলাম বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave Your Comments