গাজীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ, হতাহতের ঘটনা হয়নি

Date: 2025-11-16
news-banner

গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে এই ঘটনা ঘটে। ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা ব্যাংকের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে উঠেন। পরে ব্যাংকের পেছনের গেট দিয়ে বের হতে গিয়ে মূল ফটকে আগুন দেখতে পান।

তিনি আরও জানান, সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকার কারণে হামলাকারীরা বড় ধরনের নাশকতা করতে পারেনি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

Leave Your Comments