বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় তাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।
রোববার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার নীতি যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।”
তিনি আরও বলেন, “মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদপুরুষ এই মজলুম জননেতা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত মানুষের পক্ষে বলিষ্ঠ ও আপোসহীন নেতৃত্ব দিয়েছেন।”
তারেক রহমান মওলানা ভাসানীকে দেশের মুক্তির পথ প্রদর্শক হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক, শ্রমিক ও মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। তিনি সর্বদা শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে দাঁড়াতেন।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন। তাঁর নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মূল কারণও তিনি।”