বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, “ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়” নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
রোববার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
‘রায়কে ঘিরে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে’
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে দেশে আতঙ্ক, বিভ্রান্তি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা হচ্ছে। তবে এসবের মধ্যেও নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তার অভিযোগ— কিছু গোষ্ঠী বিভিন্ন দাবির নামে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার পাঁয়তারা করছে।
রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে সমর্থনের আহ্বান
সভায় মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে সময়ক্ষেপণ না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানানোর আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই দেশের জন্য উত্তম পথ।