সারাদেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা

Date: 2025-11-16
news-banner

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারাদেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন। রোববার (১৬ নভেম্বর) দেশব্যাপী বিচারকদের এ কর্মসূচি পালন করতে দেখা যায়।

এর আগে গত শুক্রবার বিচার বিভাগীয় নিরাপত্তাসহ দুই দফা দাবিতে রোববার থেকে কলমবিরতি কর্মসূচির ঘোষণা দেয় বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। তবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসে কর্মসূচিটি স্থগিত করা হয়।

সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত ও বিচারকদের জন্য বিশেষ প্রটোকল—এই দুই দাবির বিষয়ে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে তিনি দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতেই কলমবিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

রাজশাহীতে বিচারকপুত্র হত্যা

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (২৬) ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানায়, পরিবারের পরিচিত যুবক লিমন বাসায় ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে হত্যা করে। বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন। হামলার একপর্যায়ে লিমনও আহত হয়।

পরে লিমনকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর তার দেওয়া একটি বক্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে রাজপাড়া থানার এক এসআইসহ মোট চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

৫ দিনের রিমান্ডে লিমন

বিচারকপুত্র হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানান, হত্যার মোটিভ ও ঘটনার পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave Your Comments