ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা গোপালগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় বিজিবি তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ খোসালপুর ও কুমিল্লাপাড়ার টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মানবপাচারকারীসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে।
অন্যদিকে, মেদিনীপুর, নিমতলা ও নতুনপাড়া বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামিবিহীন ৩০ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, আটককৃতদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে।