চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় আটক ৩

চট্টগ্রাম, ১৫ নভেম্বর: চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় মোবাইল মেকানিক আকাশ হত্যার ঘটনায় র‍্যাব তিনজনকে আটক করেছে। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার (চান্দগাঁও) তাওহিদুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আকাশ ঘোষকে হত্যার পরপরই সানি দুই সহযোগীকে নিয়ে পালিয়ে যায়। পরে নিজ মামার বাড়িতে আত্মগোপনে থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সানি ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

র‍্যাবের কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে যে, মোবাইলে ডিসপ্লে পরিবর্তনের জন্য আকাশ ১৫০ টাকা পেত। পাওনা টাকার কারণে চাপ সৃষ্টি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে আকাশকে ডেকে এনে সানি তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহত আকাশের বাবা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।