কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Date: 2025-11-15
news-banner

কক্সবাজার, ১৫ নভেম্বর: কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শনিবার সকাল ৯টার দিকে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুল্লাহ (১) ও জোসনা আকতার (৮)।

নিহত আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়া এলাকার ইলিয়াসের ছেলে এবং জোসনা আকতার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমেদের মেয়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মো. ইলিয়াস ও তার স্ত্রী শুটকি শুকানোর কাজে মজুরি ভিত্তিতে কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিলে এসেছিলেন। ছোট সন্তান আব্দুল্লার দেখাশোনার সুবিধার জন্য জোসনা আকতারও তাদের সঙ্গে ছিল।

সকাল সাড়ে ৯টার দিকে পুকুরের পাশে খেলার সময় আব্দুল্লাহ পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে জোসনা পানিতে নেমে যায়। দু’জনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments