ব্রাহ্মণবাড়িয়া, ১৫ নভেম্বর: নির্বাচন নিয়ে যারা শঙ্কার কথা বলছে, তাদের পেছনে জনগণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বলেন, “জনগণ যা চায় তাই হবে। মানুষ নির্বাচন চায়। নির্বাচনের কোনো বিকল্প নেই।”
শনিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন মুশফিকুর রহমান।
তিনি আরও বলেন, “অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন। নির্বাচনের সঙ্গে গণভোটও দেয়া হয়েছে। নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কী? পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতা করছে—এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না?”
মুশফিকুর রহমান যোগ করেন, “পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক বিভেদ নেই এমন নয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধেও প্রতিবাদ হয়েছে। ফলাফল কোথায় হবে? ফলাফল হবে নির্বাচনে। জনগণের রায়ই চূড়ান্ত।”
এসময় তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।