ঢাকা, ১৫ নভেম্বর: গণভোটের চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ভোটারদের ‘না’ বলার সুযোগ কোথায়— এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “গোজামিল দিয়ে কোনও কিছু করা হলে তা টেকসই হবে না। দেশের ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী— তাহলে জনগণ সেই তিমিরেই রয়ে যাবে।”
তিনি গণভোটের প্রশ্নমালা সাধারণ মানুষের অনুধাবনক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ দেন।
এ সময় রিজভী অভিযোগ করে বলেন, “ভারত থেকে বিপুল অর্থ পাচারের মাধ্যমে দেশে নাশকতার পরিবেশ তৈরি করতে চাইছে আওয়ামী লীগ। তারা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চায়।”