ঢাকা, ১৫ নভেম্বর: বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’-এ তিনি বলেন, যারা আল্লাহর রাসূলকে মানে না তারা মুসলিম হতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী (সা:) শেষ নবী; যারা এটি মানে না তারা মুসলিম নয়। জামায়াতও ক্ষমতায় এলে খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের দাবিদাওয়া মেনে নেবে।
মহাসম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিমরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা এতে অংশগ্রহণ করেছেন।