ঢাকা, ১৫ নভেম্বর: উন্নত দেশের মতো বাংলাদেশেও উদ্ভাবন ও উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন—এমনটাই মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
শনিবার রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়ে তিনি বলেন, চাকরির বাজারে টিকে থাকতে শুধু সার্টিফিকেটই যথেষ্ট নয়, বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান ও দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপদেষ্টা আরও বলেন, অন্যান্য পেশার মতো রাজনীতিককেও একটি পেশা হিসেবে দেখা উচিত। ঘুষ-চাঁদাবাজি নয়, বরং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা প্রয়োজন।
এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র শিল্পে অর্থায়ন ও প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যাবশ্যক।