সিরাজগঞ্জ, মুকুল হোসেন:
মাদক বিক্রির কাজে বাধা দেওয়ার জেরে আখ ক্ষেতে আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক মন্জু হোসেন, সেকেন আলী ও রোকন আলী।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের ঘোড়াচরা পূর্বপাড়া ইটভাটা সংলগ্ন স্থানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে ঘোড়াচরা গ্রামের মৃত সুজাব সেখের ছেলে নুর ইসলাম ও তার স্ত্রী অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছে। মাদক ব্যবসার কারণে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবাদ জানানোর পরও নুর ইসলাম তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি চালানো হচ্ছে।
ভুক্তভোগীরা আরও জানান, প্রায় এক মাস আগে নুর ইসলামের বাড়িতে তার স্ত্রীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশকে তা হস্তান্তর করা হয়।
এর জের ধরে, গত মঙ্গলবার বিকেলে নুর ইসলাম ভুক্তভোগীদের আখ ক্ষেতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে প্রায় দেড় বিঘা আখ পুড়ে যায়। এই ঘটনায় তারা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে কৃষকরা দ্রুত নুর ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলার তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানান।