মোঃআলামিন হোসেন তাড়াশ সিরাজগঞ্জ,
সিরাজগঞ্জ, ১৪ নভেম্বর: সিরাজগঞ্জের তাড়াশে এক মর্মান্তিক ডাকাতির ঘটনায় কৃষক দুলাল হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। ভোর রাতে একদল ডাকাত তার বাড়ি থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের শাহিয়াল জাতের গাভি লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতে বৃপাচান গ্রামে দুলাল হোসেনের বাড়িতে ডাকাতরা হানা দেয়। তারা বাড়ির গেট ভেঙে গোয়ালে প্রবেশ করে এবং গাভিটি লুট করতে চায়। দুলাল হোসেন চিৎকার করলে ডাকাত দলের একজন ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে। আহত কৃষককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাতিজা রিপন শেখ জানান, ডাকাতদের হামলায় দুলাল হোসেনের মুখে ৩৩টি সেলাই লেগেছে।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকার কৃষক সমাজে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।