যুগ যুগ ধরে দেশের ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশের নদ-নদীগুলোতে দেখা যাচ্ছে ক্রমশ নাব্য সংকট। পদ্মাসহ বিভিন্ন নদীর পানি কমছে, বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনের কারণে হারাচ্ছে হাজারো বসতবাড়ি। এই দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে ‘চলো যাই ভাই, পদ্মা বাঁচাই’—স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।
সমাবেশটি অনুষ্ঠিত হবে দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি মহানন্দার পাড়ে সংক্ষিপ্ত কর্মসূচিতে যোগ দেবেন। গণসমাবেশে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিএনপি মনোনীত প্রার্থীরাও।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, সমাবেশের স্থানজুড়ে কর্মীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশে কাজ করছে দলের স্বেচ্ছাসেবক দল।
সমাবেশ ঘিরে পুরো শহরে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। বিভিন্ন মোড়ে মাইকিং করে সমাবেশের সময়সূচি ও বক্তব্যের তথ্য জানানো হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরে উত্তরবঙ্গের তিস্তা নদীর ন্যায্য পানির দাবীতে দলটি একাধিক কর্মসূচি পালন করেছে।