দিল্লিতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডা. ওমর নাবির আবাসিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় বিস্ফোরক ব্যবহার করে বাড়িটি ধ্বংস করা হয়।
নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, লাল কেল্লায় বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে নেওয়ার মূল অভিযুক্ত হিসেবে ডা. ওমরকে শনাক্ত করা হয়েছে। সেই কারণেই তার বাড়ি ধ্বংসের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কিল্লার পাশের একটি মেট্রো স্টেশনের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন গাড়ির চালকসহ মোট ১৩ জন। আহত হন আরও অন্তত ২৭ জন। ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে, সাদা রংয়ের হুন্দাই আই-টোয়েন্টি গাড়িটি চালাচ্ছিলেন ডা. ওমর—এমনটাই সন্দেহ পুলিশের।
এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজের অধ্যাপক এবং অন্যজন জম্মু-কাশ্মিরের এক মেডিকেল শিক্ষার্থী।