ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরা মরদেহের রংপুরে দাফন সম্পন্ন

Date: 2025-11-15
news-banner

ঢাকার হাইকোর্ট মাজারের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা ২৬ টুকরা মরদেহের পরিচয় পাওয়া রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) দাফন রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নির্মাণাধীন গোপালপুর নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট মাজারের পাশে দুটি নীল ড্রামের ভেতর থেকে আশরাফুলের খণ্ড-বিখণ্ড ২৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়।

পরিবার জানায়, গত মঙ্গলবার (১১ নভেম্বর) প্রবাসী বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে আশরাফুল ঢাকা যান। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) নিহতের বড় বোন বাদী হয়ে বন্ধু জরেজুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে কুমিল্লার দাউদকান্দি থেকে প্রধান আসামি জরেজ এবং তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, পরকীয়ার দ্বন্দ্ব থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর মরদেহ গুম করতে ২৪ ঘণ্টার পরিকল্পনায় বাথরুমে খণ্ড-বিখণ্ড করে ড্রামে ভরে হাইকোর্ট মাজারের পাশে ফেলে রাখা হয়।

নিহত আশরাফুল পেশায় কাঁচামাল আমদানিকারক ছিলেন। গ্রেফতার হওয়া বাল্যবন্ধু জরেজ আগে মালয়েশিয়ায় থাকতেন এবং সম্প্রতি জাপানে যেতে আশরাফুলের কাছে ২০ লাখ টাকা ধার চাইতে ঢাকায় আসেন। সেই টাকার বিষয়েই আশরাফুল তাকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে।

Leave Your Comments