গাজীপুরে ফ্ল্যাট থেকে পোশাক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার, গুরুতর আহত স্বামী

Date: 2025-11-15
news-banner

গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় নারী পোশাক শ্রমিক রহিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাট থেকে তার স্বামী ইমরান হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ভোরে কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট সংলগ্ন একতা টাওয়ারের ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রহিমা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতৈল গ্রামের কসাই ইমরান হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দম্পতি তাদের মেয়ে শারমিনকে নিয়ে সেখানে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় ঢুকে ইমরান ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রহিমা খাতুন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইমরানকে হাসপাতালে পাঠায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে পিবিআই, সিআইডি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোনাবাড়ি থানার ওসি সালাহউদ্দিন জানান, মরদেহ পাওয়ার পর তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় ইমরানের পালস আছে। দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত রহিমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Leave Your Comments