জম্মু–কাশ্মিরে থানায় জব্দ বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

Date: 2025-11-15
news-banner

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু–কাশ্মিরে একটি পুলিশ স্টেশনে জব্দ করা বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নওগাম থানা চত্বরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সম্প্রতি কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। সেগুলো থানা প্রাঙ্গণে পরীক্ষা-নিরীক্ষার সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ ঘটে। উদ্ধার করা বিস্ফোরকের বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট।

বিস্ফোরণের তীব্রতায় থানার একটি অংশ ধসে পড়ে এবং চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি, ঘটনার তীব্রতায় প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপে আরও কেউ আটকে থাকতে পারে। তাই উদ্ধারকাজ এখনও চলছে।

তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি তৈরির সময় ভুলভাবে সেট করেছিলেন। সেগুলো যথাযথভাবে সক্রিয় না হওয়ায় পরিকল্পিত বড় হামলা ব্যর্থ হলেও পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও ফরেনসিক বিভাগের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave Your Comments