জাকির শিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ব্যাপক শক্তি প্রদর্শন করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড সাঈদ আহম্মেদ। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরে বিশাল শোডাউন করেন তিনি।
শহরের আমলাপাড়াস্থ নিজ কার্যালয়ের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়কসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রদক্ষিণ করে। এতে ২০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পুরো শোডাউন এলাকায় ধানের শীষের স্লোগান, ব্যানার ও শোভাযাত্রার ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বাংলাদেশের সাম্যবাদী দলের প্রধান কমরেড সাঈদ আহম্মেদ এ সময় সদর-বন্দরবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন,
“গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন শুধু প্রার্থী নয়, এই দেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই পরিবর্তনের পক্ষে জনগণের সমর্থনই হবে আমাদের শক্তি।”
নেতাকর্মীরা জানান, এই শোডাউন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে। প্রচারণা আরও বেগবান করতে তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।