যুবদলের হামলায় ফেনীতে ৩ পুলিশ আহত

Date: 2025-11-14
news-banner

ফেনীর পরশুরামে একটি মামলার তদন্ত করতে গেলে যুবদল নেতা রাজিব মজুমদারের হামলার শিকার হয়েছেন এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য।


শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার গুনাগাজী মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক মুন্না দে, কনস্টেবল নাজমুল ইসলাম ও রুহুল আমিন।


পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক নারী পারিবারিক বিরোধ ও মারধরের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করতে গেলে যুবদল নেতা রাজিব মজুমদার ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে লাঠি ও ছুরি নিয়ে হামলা চালায়। এসময় কনস্টেবল নাজমুল ইসলামকে পিঠে ছুরিকাঘাত করা হয় এবং তাদের পোশাক ছিঁড়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।


হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা বর্তমানে চিকিৎসাধীন। পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক জানান, হামলাকারীরা বিএনপির পদধারী নেতা। পুলিশ তদন্তে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা সমর্থনযোগ্য নয়।


এ ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি তদন্ত চলছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave Your Comments