ডিসি নিয়োগ ঘিরে নতুন বিতর্ক: রাজনৈতিক আনুগত্য ও দক্ষতা নিয়ে প্রশ্ন

Date: 2025-11-14
news-banner

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ২৯ জেলার জেলা প্রশাসক (ডিসি) বদলি ও নতুন নিয়োগ দেওয়ায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অধিকাংশ পদায়ন হয়েছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ রেখে। এতে প্রশাসনের ভেতরে ক্ষোভ এবং নির্বাচনকালীন নিরপেক্ষতা ও আস্থাহীনতা নিয়ে শঙ্কা বাড়ছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে এই ধরনের পদায়নকে অনেকেই ‘নির্বাচনী মাঠ দখলের কৌশল’ হিসেবে দেখছেন। বিশেষ করে তিনজন ইকনোমিক ক্যাডারের কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মাঠ প্রশাসনে অভিজ্ঞতা সীমিত। এ কারণে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে।

সামাজিক মাধ্যমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া ভিডিও ভাইরাল হওয়া আজাদ জাহানকে গাজীপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ভোলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে।

উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে। তিনি বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের ছবি শেয়ার করেছেন, যা সরকারি কর্মকর্তার কাছে দলীয় সংশ্লিষ্টতার প্রকাশ হিসেবে সমালোচিত হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত। এছাড়া ইকনোমিক ক্যাডারের তিনজন নতুন ডিসি—ময়মনসিংহের সাইফুর রহমান, মানিকগঞ্জের নাজমুন আরা সুলতানা ও নোয়াখালীর আহমেদ কামরুল হাসান—প্রশাসনিক অভিজ্ঞতা কম থাকলেও পদায়ন করা হয়েছে।

সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আউয়াল মজুমদার বলেন, “জেলা প্রশাসক পদে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দিলে প্রশাসনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। নির্বাচনকালীন সময়ে ডিসিরা মাঠ প্রশাসনের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তাদের আচরণের ওপরই নির্ভর করে নির্বাচনের স্বচ্ছতা ও শান্তি।”

তিনি আরও উল্লেখ করেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখনই নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা উচিত। অভিজ্ঞ ও নিরপেক্ষ কর্মকর্তাদের অগ্রাধিকার না দিলে প্রশাসনের ভেতরে বিভাজন আরও গভীর হবে, যা রাষ্ট্রীয় সেবার মানকেও প্রভাবিত করবে।”

Leave Your Comments