ভোলায় গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প অগ্রগতি পরিদর্শন করেছেন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
সকালে উপদেষ্টারা বোরহানউদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, জেলায় দুটি গ্যাসক্ষেত্রের অধীনে ৯টি কূপ খনন সম্পন্ন হয়েছে। আরও ৫টি কূপের খনন কাজ শিগগির শুরু হবে এবং ১৪টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে এবং দেশের কাজে এই গ্যাসকে ব্যবহার করতে এখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করা হবে। সার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সারা দেশে ৩৪টি বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে একটি ভোলায় নির্মাণাধীন।
পরিদর্শনকালে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকালে তিন উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ভোলাবাসীর আবাসিক গ্যাস সংযোগের দাবি উপস্থাপন করেন।
উপদেষ্টাদের এ যৌথ সফর ভোলায় শিল্প, বাণিজ্য ও গ্যাসভিত্তিক সার শিল্পের উন্নয়নের ক্ষেত্রে সরকারের উদ্যোগ ও অগ্রগতি নিশ্চিত করার জন্য গ্রহণ করা হয়েছে।