জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত

Date: 2025-11-14
news-banner

ঢাকায় আয়োজন করা হওয়ার কথা থাকা ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট স্থগিত করা হয়েছে। কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় রক শিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত-এর।


শুক্রবার সকালে জানা যায়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কনভেনশন সেন্টারে কনসার্টের অনুমতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।


সংবাদ সূত্র জানায়, বিমানবন্দরটি কেপিআইভুক্ত এলাকা, যেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছিল। সবকিছু বিবেচনা করে এই মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।


আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, “অনিবার্য পরিস্থিতির কারণে আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা কনসার্ট স্থগিত করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে কনসার্ট পুনরায় আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন তারিখ ও ভেন্যু সম্পর্কে শিগিরই জানানো হবে।”


উল্লেখ্য, কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন আলী আজমত। এই কনসার্টের মাধ্যমে প্রথমবার এক মঞ্চে জেমসের সঙ্গে তাঁর পারফর্ম করার কথা ছিল। ঢাকায় এসে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

Leave Your Comments