ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন ১৮তম এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যাল ও ডিরেক্টর্স’ কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চীনের শাংহাই থিয়েটার অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে।
ফেস্টিভ্যালে অধ্যাপক শাহীন থিয়েটার বিষয়ে মাস্টারক্লাস, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়াম সেশন পরিচালনা করবেন। তিনি কারা থিয়েটার, কিশোর সংশোধনাগারভিত্তিক থিয়েটার এবং মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে থেরাপিউটিক থিয়েটার নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা ও কার্যক্রম উপস্থাপন করবেন।
২০২৫ সালের এই উৎসবের আয়োজক এসটিএ’ ৮০ বছর পূর্তি উদযাপন করছে। এতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৫টিরও বেশি দেশ ও থিয়েটার স্কুলের পরিচালক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং বাংলাদেশ।
উৎসবে থাকছে:
-
থিয়েটার শিক্ষা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে ডিরেক্টর্স’ কনফারেন্স
-
অভিনয়, নির্দেশনা, মুভমেন্ট ও স্টেজ টেকনোলজি বিষয়ক কর্মশালা ও মাস্টারক্লাস
-
শিক্ষার্থীদের পরিবেশনা ও শোকেস
-
একাডেমিক ফোরাম, সিম্পোজিয়াম ও রাউন্ডটেবিল আলোচনা
-
আন্তর্জাতিক ট্যুরিং, অর্থায়ন ও নাট্যনবীনতা (ইনোভেশন) বিষয়ক শিল্পবিষয়ক প্যানেল ও বিনিময় কর্মসূচি
শাংহাই থিয়েটার অ্যাকাডেমি ইউনেস্কো–আইটিআই–সংযুক্ত APB নেটওয়ার্কের প্রধান সদস্য এবং নিয়মিত আয়োজক। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই আঞ্চলিক নেটওয়ার্কটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের থিয়েটার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।