কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেফতার করা কোনোভাবেই মানায় না।
তিনি বলেন, সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তার বড় ভাই, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন এবং বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, “দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেয়া হয়নি—এগুলো কি একতরফা না দুইতরফা? জনগণই বুঝবে।”
এসময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “১৯৭২ সাল থেকে মুক্তিযোদ্ধারা অবহেলিত, লাঞ্ছিত ও উপেক্ষিত হয়ে আসছে। আজ যা হচ্ছে, তা সেই দীর্ঘ উপেক্ষারই ফল।”
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।