আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

Date: 2025-11-14
news-banner

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, সমুদ্র ও বিমান যোগাযোগে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয় নিয়ে দুই পক্ষ আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতি হবে ব্যাপক। লাখো নতুন তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

১৬ বছরের "স্বৈরশাসনের সাজানো তিনটি নির্বাচনে" তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

প্রধান উপদেষ্টা বৈঠকে আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশ–যুক্তরাজ্যের বাণিজ্য সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা আলোচনা হয়। অধ্যাপক ইউনুস জানান, বঙ্গোপসাগরে গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্য থেকে একটি সামুদ্রিক গবেষণা জাহাজ কেনার প্রক্রিয়ায় রয়েছে।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান বিমান চলাচল খাতে দুই দেশের আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনাল–এর প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

Leave Your Comments