নিরাপত্তাসহ ২ দফা দাবি বিচারকদের, না মানলে রোববার থেকে কলম বিরতির হুঁশিয়ারি

Date: 2025-11-14
news-banner

  • Bangladesh Justice System

  • দেশের সব আদালত, বিচারকের বাসভবন ও যাতায়াতের পথে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তারা জানিয়েছেন—সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে রোববার থেকে দেশের বিচারকরা কলম বিরতি পালন করবেন।

    শুক্রবার (১৪ নভেম্বর) বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, রাজশাহীর সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় বিচারকদের নিরাপত্তার দায়িত্ব পালনে যারা অবহেলার পরিচয় দিয়েছেন—তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আইন বহির্ভূতভাবে গণমাধ্যমে হাজির করার মতো অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

    রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনা

    উল্লেখ্য, বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে তাদের বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে লিমন নামের এক যুবক। পুলিশ জানিয়েছে—লিমন বিচারকের পরিবারের পরিচিত ছিল। বাসায় প্রবেশের পর হঠাৎই সে দেশীয় অস্ত্র দিয়ে সুমনের ওপর হামলা চালায়।
    হামলা ঠেকাতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হন। এসময় হামলাকারী লিমনও আঘাতপ্রাপ্ত হয় বলে জানান তদন্তকারীরা।

    এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দেশের বিচারকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়, যার প্রেক্ষিতে বিজেএসএ নিরাপত্তা জোরদারের জন্য ২ দফা দাবি উত্থাপন করেছে।

    বিজেএসএর ২ দফা দাবি

    1. দেশের সব আদালত, বিচারকদের বাসস্থান ও যাতায়াতের রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন।

    2. রাজশাহীর ঘটনায় জড়িত ও অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।

    বিচারকদের দাবি—আইনের শাসন ও বিচারিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো এখন সময়ের দাবি।

    Leave Your Comments