ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই: নুর

Date: 2025-11-14
news-banner

প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সরকারের উদ্যোগকে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ। তার মতে, এটি রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে—তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন ও মতপার্থক্য তৈরি হয়েছিল। যার কারণে জাতীয় নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা বাড়ছিল। তবে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেই সংশয় অনেকটাই দূর হয়েছে।

এসময় তিনি আহ্বান জানান—এখন সব রাজনৈতিক দলের উচিত নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে সহায়তা করা এবং একে সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

নুর অভিযোগ করে বলেন, “নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে। তাই সব দলকে সতর্ক থাকতে হবে।”

গণঅধিকার পরিষদের চেয়ারম্যানের মতে, সহিংসতা রোধে সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় জরুরি—যাতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।

Leave Your Comments