বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো

Date: 2025-11-13
news-banner

মার্কিন সরকারের শাটডাউন শেষ হওয়া এবং ফেডের সুদহার কমানোর প্রত্যাশায় বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


মার্কিন সরকারের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ হওয়ার পর ঋণের পরিমাণ বৃদ্ধির আশঙ্কা এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানোর প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪,২৩৫.৫৬ ডলারে পৌঁছেছে, যা ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও আউন্সপ্রতি ৪,২৪০.১০ ডলারে লেনদেন হয়েছে।

মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো প্যাসকাল জানান, বিনিয়োগকারীরা ফেডের নরম নীতির প্রত্যাশায় আগাম প্রতিক্রিয়া দেখাচ্ছে। স্বর্ণ ও রুপার চাহিদা এখনও শক্তিশালী, এবং সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক সূচকগুলো ধীরে প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৩ দিনের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন শেষ করার বিল স্বাক্ষর করেছেন, যা সরকারকে ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থায়ন নিশ্চিত করেছে। তবে এই সময়ে প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার নতুন ঋণ যোগ হবে, যা মোট ঋণকে ৩৮ ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে।

ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল ইতিমধ্যেই জানিয়েছেন, চলতি বছরে অতিরিক্ত সুদহার কমানোর সম্ভাবনা কম। তবে অর্থনীতিবিদরা আশা করছেন, ডিসেম্বরে ফেড আরও ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে। সাধারণত সুদহার কমলে স্বর্ণের দাম বৃদ্ধি পায়, কারণ এটি অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।

এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬১ শতাংশ বেড়েছে। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave Your Comments