যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘জালমুদ-১’ সম্পন্ন করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত

Date: 2025-11-13
news-banner

পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেনশিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘জালমুদ-১’ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খাইবার পাখতুনখোয়ার তারবেলায় সমাপ্ত হয়েছে। দেশটির গণমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও ইউএই প্রেসিডেনশিয়াল গার্ডের ইউনিটসমূহ অংশগ্রহণ করে।

মহড়ার মূল ফোকাস ছিল সন্ত্রাসবিরোধী অভিযান, বিশেষ করে জিম্মি উদ্ধার কার্যক্রমে যৌথ সমন্বয় ও দক্ষতা বৃদ্ধি করা।

সমাপনী অনুষ্ঠানে এসএসজি’র জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমিরাতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরাও অনুষ্ঠানে যোগ দেন।

আইএসপিআর আরও জানায়, এই মহড়ার মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কৌশলগত সহযোগিতা ও আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

Leave Your Comments