প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা: নির্বাচনের দিনই গণভোট, উচ্চকক্ষে পিআর ও ১৮০ দিনে সংবিধান সংশোধন

Date: 2025-11-13
news-banner

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট আয়োজন করা হবে, যাতে সংবিধান সংস্কারের লক্ষ্য ব্যাহত না হয়।

ড. ইউনূস আরও বলেন, সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। নির্বাচনের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন, এবং পরবর্তী ৩০ দিনে উচ্চকক্ষ গঠন করা হবে। উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে হবে।

গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্ন হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবনা থাকবে। ভোটাররা চারটি মূল বিষয়ের ওপর হ্যাঁ/না ভোট দেবেন:

  1. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

  2. সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে, উচ্চকক্ষে সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন।

  3. নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ ৩০টি প্রস্তাব বাস্তবায়ন করা হবে।

  4. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন।

Leave Your Comments