বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এবং এ বিষয়ে দলটি এখনও অনড়।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতীর উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”
তিনি আরও মন্তব্য করেন, “জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়বে।”
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হবে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংবিধান সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।”