প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমেদ

Date: 2025-11-13
news-banner

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের মাধ্যমে তিনি নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে তিনি বলেন, “জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এ ভাষণের মাধ্যমে তা লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।” তিনি জুলাই সনদ লঙ্ঘন কীভাবে হয়েছে, তা ব্যাখ্যা করেননি।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে ঘোষণা দেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, “এতে কোনোভাবেই সংবিধান সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।”

তিনি জুলাই সনদ অনুযায়ী গণভোটের ব্যালটে প্রশ্ন নির্ধারণের বিষয়েও অবহিত করেন। প্রশ্নে উল্লেখ থাকবে:

  • নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুযায়ী গঠিত হবে।

  • আগামী সংসদ দুই কক্ষবিশিষ্ট হবে; উচ্চকক্ষে সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন।

  • সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটি সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ ৩০টি প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতা।

  • অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর হবে। ভোটাররা এই চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।

এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন।

Leave Your Comments