বিএনপি-জামায়াতের বিভেদের কারণে আ.লীগ ফেরার সুযোগ পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Date: 2025-11-13
news-banner

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে চলমান বিভেদের কারণে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কৃষক উইংয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দুই দলের বিভেদের কারণে একদিকে জামায়াতের ভাইয়েরা কর্মসূচি দেয়, অন্যদিকে বিএনপির ভাইয়েরা। কেউ আজ কর্মসূচি দেয়, কেউ কাল। এর ফলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসার চেষ্টা করবে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের জীবন কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। কোনো পরিবারের কাছে জীবন বর্গা দিয়ে আমরা দাস হতে চাই না।”

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, “নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে এক দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করলে এটি হুমকির মুখে পড়বে।”

তিনি সরকারের সাম্প্রতিক নীতি ও সিদ্ধান্তকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে বলেন, “গত এক বছরে গণঅভ্যুত্থানের শক্তি স্তিমিত হয়নি। সরকারের নৈতিক ভিত্তি ছিল গণঅভ্যুত্থান ও বিপ্লব। সরকার জনগণের সামনে শপথ পাঠ করা উচিত ছিল, কিন্তু তারা তা করেনি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ অনলাইনে ভীতি ছড়াচ্ছে, বাসে আগুন দিচ্ছে ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, “গত ১৫ বছরে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ব্যবহার করে তারা দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে।”

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর ঘোষিত হবে, যা বাংলাদেশের বিচার বিভাগের জন্য নতুন একটি মাইলফলক হবে।

Leave Your Comments