এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আ.লীগ: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

Date: 2025-11-13
news-banner

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে আসলে কোনো মানুষ নেই। তারা এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন পালন করছে

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ্যানি অভিযোগ করেন, কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল যুবককে টাকার বিনিময়ে ভোররাতে প্রধান সড়কে ঝটিকা মিছিল করানো হয়, বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়

তিনি আরও বলেন, “৪৭ সালের আওয়ামী লীগ ও তাদের নেত্রী শেখ হাসিনা কেন পালিয়ে যেতে হবে? তিনি প্রধানমন্ত্রী ছিলেন, নিজের ভোটে প্রধানমন্ত্রী ছিলেন। রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী—রাজনীতি করেননি, আমাদেরকেও রাজনীতি করতে দেননি। আমাদের নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা দেখেছি যারা বাসে আগুন দেয়, তাদের বিরুদ্ধে নির্দেশ ছিল, এখন তো তিনি নেই। পালিয়ে যাওয়ার আগে নিজের আত্মীয় স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। তবে আমাদের এই জেনারেশন পালায়নি, এরা আগামীতে নেতৃত্ব দিবে।”

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও মামলা হয়েছে, বহু পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দূর্বৃত্তায়ন করেছে, তাদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Leave Your Comments