জনগণই আওয়ামী লীগকে লকডাউন দিয়ে রেখেছে: রিজভী

Date: 2025-11-13
news-banner

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ব্যঙ্গ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,

“জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে, অথচ তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উল্টো জনগণকেই লকডাউন দিচ্ছে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,

“লকডাউন দেওয়া হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে, যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।”

তিনি আরও বলেন,

“আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ করছে। এর নমুনা আমরা গত দু–তিন দিন ধরে দেখছি।”

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন,

“বিচার প্রতিহত করতে বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগোপ্তা হামলা ও বোমাবাজি চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।”

আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করে রিজভী আরও বলেন,

“জনগণের সঞ্চয়ের টাকা—পোস্ট অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোষাগার—সব লুট করেছে আওয়ামী নেতারা, তাদের ব্যবসায়ী ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা। পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার—সব প্রকল্পে ১০০ টাকা নিলেও ২ টাকা খরচ করে, ৯৮ টাকা আত্মসাৎ করেছে। আজ এটি প্রমাণিত।”

Leave Your Comments