সরকারকে জিম্মি করে কেউ যদি দাবি আদায়ের চেষ্টা করে, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে তার দায় বিএনপি নেবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন আমির খসরু।
তিনি বলেন,
“কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা এমন পথে যাবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। মানুষ তাদের কাছ থেকে সহনশীল আচরণ প্রত্যাশা করে।”
চলমান বিচার প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন,
“বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চায়, তারাই গণতন্ত্রের শত্রু।”
এ সময় তিনি উল্লেখ করেন, সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। “সব দেশই চায় নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে,” বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।