ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম জানিয়েছেন, চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত ‘রান ফর জুলাই’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, “শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশ হবে না এবং দলটিসহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে।” তিনি আরও দাবি করেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা খোঁজাখুঁজি করেছেন, কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে দেখতে পাননি।
ডাকসু ভিপি জানান, ‘রান ফর জুলাই’-এর মূল লক্ষ্য হলো জুলাইয়ের চেতনাকে পুনরায় ঐক্যবদ্ধ করা। তিনি বলেন, “সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এখন অনেক বিভক্তি এসেছে। তাই আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”