আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন পুলিশ সদস্য

Date: 2025-11-13
news-banner

রংপুর: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চলছে ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ। মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন সাক্ষ্য দেন পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিচ্ছেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে রয়েছেন আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সাইমুম রেজা তালুকদার, আবদুস সাত্তার পালোয়ান

এর আগে বুধবার (১২ নভেম্বর) সাক্ষ্য দেন এসআই (সশস্ত্র) মো. আশরাফুল ইসলাম, যিনি জানান, রংপুর কোতোয়ালি জোনের তৎকালীন এসি মো. আরিফুজ্জামানতাজহাট থানার ওসি রবিউল ইসলাম এর নির্দেশে গুলি চালানো হয়, যার ফলে আবু সাঈদ শহীদ হন। পরে তাকে জেরা করেন পলাতক ২৪ আসামির পক্ষে চার আইনজীবী ও উপস্থিত ছয় আসামির আইনজীবী

পূর্ববর্তী সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায়, ১১ নভেম্বর ইমরান আহমেদ, ১০ নভেম্বর আকিব রেজা খান, ৬ অক্টোবর দুই পুলিশ উপপরিদর্শক এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল, ২৯ সেপ্টেম্বর তিনজন এবং ২২ ও ২১ সেপ্টেম্বর সিয়াম আহসান আয়ান সাক্ষ্য দিয়েছেন।

মামলার ছয় গ্রেফতার আসামি হলেন— এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তাদের উপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ চলছে।

মামলার আনুষ্ঠানিক বিচার ২৭ আগস্ট সূচনা করা হয় এবং ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা হয়। তবে ২৪ জন আসামি এখনও পলাতক। এ পর্যন্ত মামলায় মোট সাক্ষী ৬২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। 

Leave Your Comments