ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা: রায়ের দিন ঢাকায় ১৭ হাজার পুলিশ মোতায়েন

Date: 2025-11-13
news-banner

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। এ দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

রায়ের দিন সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। জনসাধারণ ও সাংবাদিকদের তল্লাশি শেষে ঢুকতে দেওয়া হচ্ছে।

রায়ের দিনকে কেন্দ্র করে উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যাতে আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।

সকালে হাইকোর্ট মাজার-সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে দেখা যায়, বিজিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যানও স্থাপন করা হয়েছে। ৮টার পর সেখানে সেনাবাহিনীর টহল দল যোগ হয়।

রায়ের দিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপির ১৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটও দায়িত্বে রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্টে গণপরিবহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি চালানো হয়েছে। রাতেও হোটেল ও আবাসিক মেসে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে।

সকালে রাজধানীর রাস্তার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক দেখা গেছে। মিরপুর থেকে হাইকোর্ট এলাকায় আসার পথে বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে দেখা গেছে। যদিও সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম, যৌথ বাহিনীর সদস্যরা বাংলামোটর মোড়ে টহল দিচ্ছেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এখান দিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং ওই পথে যেতে চাওয়া যানবাহনগুলোকে শাহবাগের দিকে পাঠানো হচ্ছে।

Leave Your Comments