সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্টের চিঠি, ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা বৃদ্ধি
মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রস্তুতি হিসেবে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ট্রাইব্যুনালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।
রায়ের প্রস্তুতি ও সম্ভাব্য জনসমাবেশের কারণে, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের অবস্থান নিশ্চিত করতে দেখা গেছে।