ইরানের কিংবদন্তি অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর সোমবার (১১ নভেম্বর) তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইসফাহানে জন্মগ্রহণ করেন হোমায়ুন এরশাদি। বড় পর্দায় তার প্রথম অভিনয় সুযোগ আসে আব্বাস কিয়ারোস্তামির পাম ডি’অর জয়ী সিনেমা ‘টেস্ট অব চেরি’ (১৯৯৭) তে। কিয়ারোস্তামির সঙ্গে তেহরানে এক কাকতালীয় ঘটনার মাধ্যমে তিনি এই সিনেমায় সুযোগ পান।
ইরানে ইসলামি বিপ্লবের পর ১৯৮০-এর দশকে হোমায়ুন ভ্যাঙ্কুভারে চলে যান এবং এক দশকেরও বেশি সময় ধরে স্থাপত্য প্রতিষ্ঠানে কাজ করেন। পরবর্তীতে ইরানে ফিরে এসে ‘টেস্ট অব চেরি’র পর তার জীবন ও চলচ্চিত্রজীবন উজ্জ্বল হয়ে ওঠে।
পরবর্তী তিন দশকে হোমায়ুন এরশাদি ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন মার্ক ফোর্স্টারের ‘দ্য কাইট রানার’ চলচ্চিত্রের মাধ্যমে। অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আলেহান্দ্রো আমেনাবারের ‘আগোরা’ (২০০৯), ক্যাথরিন বিগেলোর ‘জিরো ডার্ক থার্টি’ (২০১২) এবং হাসান নাজারের যুক্তরাজ্যভিত্তিক চলচ্চিত্র ‘ইউটোপিয়া’ (২০১৫)।
টেরেন্স মালিকের বহু প্রতীক্ষিত ‘দ্য ওয়ে অব দ্য উইন্ড’ চলচ্চিত্রে তার অংশগ্রহণের গুঞ্জন চললেও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা যায়নি।