পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (১১ নভেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন, তালেবান সরকারের মদদেই পাকিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি ভারতকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, তার দেশে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে।
এর আগে, ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এছাড়া, দেশের সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজেও সশস্ত্র গোষ্ঠীর হামলা চালানো হয়। এ ঘটনায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করেছে পাকিস্তান সরকার।