বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যখন জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের সুযোগ তৈরি হচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন, দুর্বল সরকারকে কোনও হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হচ্ছে। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান দেশের অর্থনীতির পরিস্থিতিকে দিনদিন নাজুক হিসেবে বর্ণনা করেন এবং বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জনগণের সমর্থনে নির্বাচিত সরকারের প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে নির্বাচনে বাধা সৃষ্টি করতে চাচ্ছে, যা পলাতক স্বৈরাচারদের পুনর্বাসনের সুযোগ তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারদের রাষ্ট্র ও সমাজে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে কি না তা খেয়াল রাখার সময় এসেছে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সংকট অপ্রয়োজনীয় এবং এটি জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত করছে। তিনি দাবি করেন, এই সংকট সৃষ্টি করা হয়েছে গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করার জন্য।