বাগেরহাট ও গাজীপুরে হাইকোর্টের আসন বহালের রায়ের ওপর স্থিতাবস্থা জারি

Date: 2025-11-12
news-banner

বাগেরহাটের ৪টি এবং গাজীপুরের ৫টি আসন বহাল রাখার হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। আগামী রোববার (১৬ নভেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

বুধবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে স্থিতাবস্থা জারি করা হয় এবং শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে, গত সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে. এম. জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ বাগেরহাটের ৪টি ও গাজীপুরের ৫টি আসন বহালের রায় ঘোষণা করেছিল।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করে ৬টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করা হয়। স্থানীয় পর্যায়ে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট আগের মতোই আসন বহালের আদেশ দেয়।

নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে, চেম্বার আদালত সেই আপিলের শুনানির আগ পর্যন্ত স্থিতাবস্থা জারি করে।

Leave Your Comments