বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে, গত ৯ নভেম্বর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ (বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেন) আইভীর জামিন আবেদনের শুনানি শেষে রুল অ্যাবসলিউট জারি করেছিলেন।
পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য আবেদন করেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আইভীর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।
উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেফতার হন আইভী। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।