স্বর্ণময় সুর, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার উদ্যোগে ফ্রি হিজাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের পছন্দমতো হিজাব উপহার পান।
বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের নিচতলায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। সারা দিনজুড়ে হিজাব সংগ্রহ করতে নারী শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীরা জানান, হিজাব নারীর সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। এটি কেবল পোশাক নয়, বরং আত্মসম্মান ও বিশ্বাসের প্রতীক।
বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার সভানেত্রী সুখিমন খাতুন বলেন, “হিজাব নারীর অহংকার ও সৌন্দর্যের প্রতীক। নারীর অগ্রগতির পথে এটি কোনো বাধা নয়। সমাজে হিজাব নিয়ে যে ভুল ধারণা বা ‘হিজাব ফোবিয়া’ রয়েছে, আমরা চাই তা দূর হোক।”
তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষিত নারীরা ইসলামের নির্দেশনা মেনে চলুক এবং আত্মবিশ্বাসের সঙ্গে হিজাব পরিধান করুক।”