আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বেড়েছে। বিভাগজুড়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, আর প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। শুধু নভেম্বরের প্রথম ১০ দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪০ জনের বেশি, এ সময় মারা গেছেন আরও ৩ জন রোগী।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, “গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৭৭৩ জন, এবার তা দ্বিগুণেরও বেশি। প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সচল থাকলেও প্রতিরোধে জনসচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুধু অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৮৭ জন। নভেম্বরের প্রথম ১০ দিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার দুই শতাধিক।
ডা. মোহাম্মদ লোকমান হাকিম, উপ-পরিচালক (স্বাস্থ্য), বলেন, “মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ও ওষুধ-স্যালাইন সরবরাহ বৃদ্ধি এখন সময়ের দাবি। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বরগুনা ও পটুয়াখালী জেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। সময়মতো চিকিৎসা নিলে জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেক কমানো সম্ভব।